×
Logo

সারাদেশ

চুয়াডাঙ্গায় অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিকসহ আটক ৭

স্টাফ করেসপনডেন্ট, চুয়াডাঙ্গা

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ০২:৪৭ পিএম

চুয়াডাঙ্গায় অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিকসহ আটক ৭

চুয়াডাঙ্গার জীবননগরের বেনীপুর সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের দায়ে এক ভারতীয় নাগরিকসহ ৭ জনকে আটক করেছে পুলিশ। বুধবার (১৯ আগস্ট) সকাল ৬ টার দিকে স্থানীয় জনতা তাঁদের পুলিশে সোপর্দ করে। আটক ব্যক্তিদের মধ্যে ভারতীয় নাগরিক ছাড়াও চারজন বাংলাদেশি রয়েছেন। 

আটককৃতরা হলেন, ভারতের কলকাতার বাসিন্দা নিয়ান, বাগেরহাটের শরণখোলার আব্দুস শুকুর খান, সিলেটের শারমিন আক্তার রুমি ও হামিদা এবং চাঁদপুরের নয়ন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকাল ৬টার দিকে বেনীপুর সীমান্ত দিয়ে কাঁটাতার পার হয়ে পাঁচজন বাংলাদেশে প্রবেশ করেন। সীমান্ত অতিক্রম করে জীবননগর শহরের দিকে আসার সময় তাঁদের গতিবিধি দেখে স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয়। পরে উপস্থিত জনতা তাঁদের ঘিরে ফেলে এবং পুলিশে খবর দেয়। সংবাদ পেয়ে জীবননগর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পাঁচ অনুপ্রবেশকারী এবং তাঁদের পারাপারে সহায়তাকারী স্থানীয় দুই দালালসহ মোট সাতজনকে হেফাজতে নেয়।

এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে জীবননগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ বলেন, এক ভারতীয় নাগরিকসহ পাঁচজন অনুপ্রবেশকারী ও দুই দালালকে জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে। আটক ব্যক্তিদের পরিচয় নিশ্চিত ও সীমান্ত পারাপারের বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্ত শেষে তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

/এসআর 

Logo