ফরিদপুরে পরকীয়ার অভিযোগে জামায়াত নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি
বোয়ালমারী (ফরিদপুর) করেসপনডেন্ট
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ১১:০২ পিএম
ফরিদপুরের বোয়ালমারীতে পরকীয়ার অভিযোগে জামায়াতে ইসলামীর স্থানীয় এক নেতাকে দলীয় পদ থেকে প্রাথমিকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) পৌর জামায়াতে ইসলামীর সংশ্লিষ্ট ওয়ার্ডের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। অভিযুক্ত মো. ইনামুল মোল্যা বোয়ালমারী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
ইনামুল মোল্যা পৌরসভার কুশাডাঙ্গা গ্রামের মো. আকরাম মোল্যার ছেলে। পাশাপাশি তিনি বোয়ালমারীর বেসরকারি স্বাস্থ্যকেন্দ্র মোল্লা ডাক্তার কে হালিম হাসপাতালে অভ্যর্থনাকারী হিসেবে কর্মরত।
দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুশাডাঙ্গা গ্রামের এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে ইনামুলের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি সম্প্রতি উভয় পরিবার ও স্থানীয়দের মধ্যে জানাজানি হলে এলাকায় আলোচনা-সমালোচনা শুরু হয়। এরপর থেকেই ইনামুল আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে ইনামুল মোল্যার ব্যবহৃত দুটি মোবাইল নম্বরে যোগাযোগ করা হলেও সেগুলো বন্ধ পাওয়া যায়। পরিবারের সদস্যরাও এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
ইনামুলের কর্মস্থল, মোল্লা ডাক্তার কে হালিম হাসপাতালের ম্যানেজার রেজাউল করিম বলেন, দুই দিন আগে ওই নারীর স্বামী প্রবাস থেকে তাকে ফোন করে ইনামুলের সঙ্গে তার স্ত্রীর সম্পর্কের অভিযোগ করেন। ইনামুল যেহেতু ওই প্রতিষ্ঠানে চাকরি করেন, তাই এ বিষয়ে প্রতিষ্ঠানের ভূমিকা জানতে চেয়েছিলেন তিনি। তবে বিষয়টি সম্পর্কে তার আগে থেকে কোনো তথ্য ছিল না বলে জানান ম্যানেজার।
বোয়ালমারী পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারি সৈয়দ সাজ্জাদ হোসেন বলেন, অভিযোগটি নিয়ে এলাকায় আলোচনা হওয়ায় প্রাথমিকভাবে ইনামুল মোল্যাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।
তিনি আরও বলেন, তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে ইনামুলকে দল ও দলীয় সব কার্যক্রম থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে। কোনো ব্যক্তির অপকর্ম বা অনৈতিক কর্মকাণ্ডের দায় দল নেবে না।
/এনএ