হলের সিট দখল নিয়ে নোবিপ্রবি ছাত্রদলের দুই পক্ষে সংঘর্ষ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ০৬:১১ পিএম
আবাসিক হলের সিট দখলকে কেন্দ্র করে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) শাখা ছাত্রদলের দুই পক্ষের মধ্যে ব্যাপক ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অভ্যন্তরে এ সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শী ও ক্যাম্পাস সূত্রে জানা যায়, সোমবার (১৭ আগস্ট) দিবাগত রাতে আবাসিক হলের সিট ভাগাভাগি ও দখলকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দুটি গ্রুপের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে।
একই ঘটনার জেরে মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সাব্বিরের অনুসারীদের সঙ্গে শাখা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুসারীরা ক্যাম্পাসে মুখোমুখি অবস্থান নেয়।
একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয় এবং তা সংঘর্ষে রূপ নেয়। এতে সাধারণ শিক্ষার্থীদের মাঝে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়েই বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রক্টোরিয়াল বডির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত ও নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে ক্যাম্পাসের সার্বিক শৃঙ্খলা রক্ষায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
/এএ