খাগড়াছড়িতে পিস্তল-গুলি ও ৫ কোটি টাকার ক্রিস্টাল মেথ আইস উদ্ধার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ০৩:৪৮ পিএম
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অভিযান চালিয়ে পিস্তল, গুলি এবং প্রায় ৫ কোটি টাকা মূল্যের ক্রিস্টাল মেথ-আইস উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১৮ আগস্ট) রাত আড়াইটার দিকে বিজিবি এ অভিযান চালায়।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহল দল গৌরাঙ্গপাড়া তিন রাস্তার মোড়ে মোবাইল চেকপোস্ট স্থাপন করে। রাত আড়াইটার দিকে পানছড়ির দিক থেকে দুই আরোহীসহ একটি মোটরসাইকেল চেকপোস্টের কাছে এলে তাদের থামার জন্য সংকেত দেওয়া হয়।
এ সময় বিজিবির টহল দলকে দেখে মোটরসাইকেলটি তাইন্দংয়ের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবির সদস্যরা তাদের পিছু নেন। একপর্যায়ে মোটরসাইকেলটি ফেলে দুই আরোহী পালিয়ে যায়।
পরে ঘটনাস্থল থেকে একটি পিস্তল, গুলি ও ক্রিস্টাল মেথ-আইস উদ্ধার করেন বিজিবির টহল দলের সদস্যরা।
/এএন