নরসিংদীতে মাদক সেবনকালে পুলিশ সদস্যসহ আটক ৪
ষ্টাফ রিপোর্টার, নরসিংদী
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ০২:০২ পিএম
নরসিংদীর বেলাবোতে মাদক সেবনের অভিযোগে এক পুলিশ কনস্টেবলকে আটক করেছে স্থানীয় জনতা। এ সময় আরও তিনজনকে আটক করা হয়।
সোমবার (১৭ আগস্ট) রাতে বেলাবো উপজেলার বাগানবাড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়। বেলাবো থানার ওসি এস. এম. আমানউল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলেন, বেলাবো থানার কনস্টেবল শামসুল হক (৩০), বেলাবো উপজেলার মাটিয়ালপাড়া এলাকার আলী আকবরের ছেলে উজ্জল মিয়া (৩৭), সল্লাবাদ ইউনিয়নের ইব্রাহিমপুর এলাকার আতস আলীর ছেলে রকি (২৮) এবং একই এলাকার মজনু মিয়ার ছেলে বাদল (৩৭)।
স্থানীয়দের অভিযোগ, বেলাবো উপজেলার বাগানবাড়ি এলাকায় স্থানীয় কয়েকজনকে নিয়ে মাদক সেবন করছিলেন পুলিশ সদস্য শামসুল হক। বিষয়টি জানতে পেরে স্থানীয় জনতা তাদের আটক করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক ব্যক্তিদের বেলাবো থানায় নিয়ে আসে। এ সময় তাদের কাছ থেকে ১৫ পিছ ইয়াবা উদ্ধার করা হয়।
বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আমানউল্লাহ জানান, আটাকৃত পুলিশ সদস্যসহ চার জনের বিরুদ্ধেই মামলা গ্রহণ করা হয়েছে। পরবর্তী আইনি প্রকৃয়া চলমান রয়েছে।
/এআই