গাজীপুরের তুরাগ নদী থেকে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার, গ্রেফতার ৫
গাজীপুর করেসপনডেন্ট
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ০৫:৫৮ পিএম
গাজীপুরের তুরাগ নদী থেকে নিখোঁজ হওয়ার একদিন পর মোয়াজ্জেম হোসেন নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মোয়াজ্জেম গাজীপুর সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
পুলিশ ও স্থানীরা জানান, গত বুধবার রাতে নৌকায় করে মহানগরের কারখানা বাজার এলাকায় যাচ্ছিলেন মোয়াজ্জেমসহ বেশ কয়েকজন। হঠাৎ গুলির বিকট শব্দ শুনে আতঙ্কিত হয়ে নৌকায় থাকা যাত্রীরা নদীতে ঝাঁপ দেন। পরবর্তীতে অন্য সবাই সাঁতরে নিরাপদে তীরে ফিরে আসতে সক্ষম হলেও পানিতে তলিয়ে নিখোঁজ হন মোয়াজ্জেম।
পরদিন বৃহস্পতিবার রাতে তুরাগ নদী থেকে তার নিথর দেহ উদ্ধার করে পুলিশ। মরদেহ উদ্ধারের পর নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হলে অভিযান চালিয়ে ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ জানিয়েছে, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের সুস্পষ্ট চিহ্ন পাওয়া গেছে। ঘটনাটি নিছক দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড, তা নিশ্চিত হতে গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদসহ জোর তদন্ত কার্যক্রম চলছে।
/এএ