লালমনিরহাটে দেড়শ কোটি টাকা ব্যয়ে মাদক নিরাময় কেন্দ্র স্থাপনের উদ্যোগ: ত্রাণমন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ০৬:৩৯ পিএম
সীমান্তবর্তী জেলা লালমনিরহাটের মাদকাসক্তদের সুচিকিৎসা ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে দেড়শ কোটি টাকা ব্যয়ে একটি আধুনিক মাদক নিরাময় কেন্দ্র ও বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। আগামী এক বছরের মধ্যেই প্রকল্পটির মাঠপর্যায়ের নির্মাণকাজ শুরু হবে।
রোববার (১৬ আগস্ট) দুপুরে লালমনিরহাট মজিদা খাতুন সরকারি মহিলা কলেজের নবনির্মিত ছয়তলা একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
ত্রাণমন্ত্রী বলেন, ভৌগোলিক অবস্থানের কারণে সীমান্তবর্তী জেলা লালমনিরহাটে মাদক প্রবেশের বড় ঝুঁকি রয়েছে। তাই কেবল আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অভিযান দিয়ে মাদক নির্মূল সম্ভব নয়; এর পাশাপাশি মাদকাসক্তদের সঠিক চিকিৎসা, পুনর্বাসন এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিকে একটি সমন্বিত আন্দোলনের রূপ দিতে হবে। তরুণ প্রজন্মকে মাদকমুক্ত রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও জনপ্রতিনিধিদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সামাজিক প্রতিরোধ প্রসঙ্গে মন্ত্রী আলোকিত লালমনিরহাট উদ্যোগের লক্ষ্য তুলে ধরে বলেন, এর উদ্দেশ্য কেবল বিদ্যুতের আলো ছড়ানো নয়, বরং মানুষের বিবেক, মানবিকতা ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করা। যাতে মাদক, বাল্যবিবাহ, যৌতুক, জুয়া ও দুর্নীতির মতো অপরাধের বিরুদ্ধে সামাজিক ঐক্য গড়ে ওঠে। এ ছাড়া তিনি নারীশিক্ষা অব্যাহত রাখা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং শিক্ষাঙ্গনে শিক্ষক-শিক্ষার্থীর পারস্পরিক শ্রদ্ধা ও সহনশীলতার পরিবেশ বজায় রাখার ওপর বিশেষ গুরুত্ব দেন।
/এএ