×
Logo

সারাদেশ

টাঙ্গাইলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২টি ক্লিনিক সিলগালা, ২ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ০৬:৩৭ পিএম

টাঙ্গাইলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২টি ক্লিনিক সিলগালা, ২ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা

টাঙ্গাইল পৌর শহরে অনুমোদনহীন ও বিভিন্ন অনিয়মের দায়ে দুইটি বেসরকারি ক্লিনিক সিলগালা এবং আরেকটি হাসপাতালকে মোট ২ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৬ আগস্ট) দুপুরে পৌর শহরের বিভিন্ন এলাকায় স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসন যৌথভাবে এই বিশেষ অভিযান পরিচালনা করে।

টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. এফ এম মাহবুবুল আলমের নেতৃত্বে পরিচালিত অভিযানে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. ফারহানা আরেফিন জুঁই উপস্থিত থেকে আইনগত আদেশ প্রদান করেন।

অভিযান চলাকালে লাইসেন্সের মেয়াদ না থাকা এবং বিশেষজ্ঞ চিকিৎসক ছাড়াই চিকিৎসকের ভুয়া নাম ব্যবহার করে রিপোর্ট তৈরির প্রমাণ পাওয়ায় ‘সিটি হাসপাতাল’-কে ২ লাখ টাকা জরিমানা করার পাশাপাশি প্রতিষ্ঠানটি পুরোপুরি সিলগালা করার নির্দেশ দেওয়া হয়। এছাড়া একই অভিযানে ‘ধানসিঁড়ি হাসপাতাল’ সিলগালা এবং ‘মেডিপ্লাস হসপিটাল অ্যান্ড হরমোন সেন্টার’-কে বিভিন্ন অনিয়মের দায়ে ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়।

সিভিল সার্জন ডা. এফ এম মাহবুবুল আলম জানান, টাঙ্গাইল জেলায় ৬ শতাধিক বেসরকারি ক্লিনিক ও হাসপাতাল পরিচালিত হলেও সরকারি বৈধ অনুমোদন রয়েছে মাত্র ১০৪টির। জনস্বার্থে স্বাস্থ্যসেবার মান বজায় রাখতে এবং অবৈধ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।

/এএ

Logo