স্বাস্থ্যমন্ত্রী
ফ্যাসিস্ট সরকারের আমলে চিকিৎসা খাতে চরম অবহেলা ও লুটপাট হয়েছে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ০৩:৪১ পিএম
গত ১৭ বছর ফ্যাসিস্ট সরকারের আমলে চিকিৎসা খাতে চরম অবহেলা ও লুটপাট করা হয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
রোববার (১৬ আগস্ট) সকালে ঝিনাইদহের মহেশপুর ও কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সকল খাতেই লুটপাট করা হয়েছে, চিকিৎসা খাতও লুটপাট করা হয়েছে। দায়বদ্ধতার অভাব ঘটেছে দেশে, যে জন্য স্বাস্থ্যসেবা বিঘ্নিত হয়েছে।
তিনি জানান, আগামী ৩ বছরের মধ্যে দেশের সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যা বিশিষ্ট করা হবে।
তিনি আরও জানান, স্বাস্থ্যখাতকে গতিশীল করতে দেশে নতুন করে ৫ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হচ্ছে।
হাসপাতাল পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন। এসময়, চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের সঙ্গেও কথা বলেন তিনি।
/এএন