৯ শ্রমিকের মৃত্যুতে ফেরদৌস স্টিলের কার্যক্রম স্থগিত ঘোষণা বিএসআরবির
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ০৮:২৮ পিএম
চট্টগ্রামের সীতাকুণ্ডে গ্যাস লিকেজে ৯ শ্রমিকের মৃত্যুর ঘটনায় ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজের সব কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশ শিপ রিসাইক্লিং বোর্ড (বিএসআরবি)।
শনিবার (১৫ আগস্ট) বিএসআরবির মহাপরিচালক এএসএম শফিউল আলম তালুকদার এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেন।
বিএসআরবির মহাপরিচালক বলেন, শুক্রবারের (১৪ আগস্ট) ভয়াবহ ঘটনার পরিপ্রেক্ষিতে ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত শিপইয়ার্ডটি পুরোপুরি বন্ধ থাকবে।
প্রসঙ্গত, গত শুক্রবার সকাল ৯টার দিকে সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের স্টেশন রোড এলাকার শিপইয়ার্ডটিতে নোঙর করা একটি পুরোনো জাহাজের ভেতরে বিষাক্ত গ্যাসে অসুস্থ হয়ে ৯ শ্রমিক মারা যান।
দুর্ঘটনাকবলিত ‘এমটি রাসি’ (দৈর্ঘ্য ২৮০ মিটার ও প্রস্থ ৪৩ মিটার) জাহাজটি গত বছরের জুলাইতে চট্টগ্রামে নোঙর করে এবং ১৩ জুলাই ভাঙার জন্য ইয়ার্ডে আনা হয়। এদিকে, হংকং কনভেনশন সনদপ্রাপ্ত এই শিপইয়ার্ডে সুরক্ষাজনিত বিধান অমান্য করার অভিযোগ পাওয়া গেছে।
/এএন