মানিকগঞ্জে ফাঁকা গুলি ছুড়ে স্বর্ণ-রুপা ছিনতাই, আহত ৩
সিনিয়র করেসপনডেন্ট,মানিকগঞ্জ
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ০৮:২৫ এএম
মানিকগঞ্জ সদর উপজেলার পূর্ব শানবান্দা এলাকায় ফাঁকা গুলি ছুড়ে স্বর্ণ ও রুপা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ সময় ছিনতাইকারীদের রডের আঘাতে এক স্বর্ণ ব্যবসায়ী, তার ছেলে ও এক প্রতিবেশীসহ তিনজন আহত হয়েছেন।
শুক্রবার (১৪ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে পূর্ব শানবান্দা পালপাড়া লোকনাথ মন্দিরের সামনে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—পূর্ব শানবান্দা গ্রামের স্বর্ণ ব্যবসায়ী পতিত পবন শীল (৭৩), তার ছেলে প্রবীর কুমার শীল (৩২) ও একই গ্রামের মনোরঞ্জন পাল (৫০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন পতিত পবন শীল ও তার ছেলে প্রবীর। পথে ৩ থেকে ৪ জন দুর্বৃত্ত তাদের গতিরোধ করে। পরে রড দিয়ে মাথায় আঘাত করে তাদের সঙ্গে থাকা স্বর্ণ, রুপা ও নগদ টাকা ছিনিয়ে নেয়।
ছিনতাই হওয়া মালামালের মধ্যে প্রায় ৫০ থেকে ৬০ ভরি রুপা, দুই আনা স্বর্ণ ও নগদ ৮৫ হাজার টাকা রয়েছে বলে জানা গেছে।
তাদের চিৎকার শুনে প্রতিবেশী মনোরঞ্জন পাল এগিয়ে এলে তাকেও রড দিয়ে আঘাত করে ছিনতাইকারীরা। পরে ফাঁকা গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা।
খবর পেয়ে মানিকগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
মানিকগঞ্জ সদর থানার এসআই সাঈদ হোসেন জানান, প্রত্যক্ষদর্শীর ভাষ্য অনুযায়ী ছিনতাইকারীর সংখ্যা ৩ থেকে ৪ জন। ঘটনার সময় বাজি ফাটার মতো শব্দ শোনা যায়। পরে ঘটনাস্থল থেকে মাটিতে পড়ে থাকা একটি কার্তুজ উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে কাজ করছে পুলিশ।
/এনএ