১৮ কোটি মানুষের উন্নয়নে কাজ করছে সরকার: নাটোরে প্রতিমন্ত্রী পুতুল
সিনিয়র করেসপনডেন্ট, নাটোর
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ০৩:৪৫ পিএম
দেশের ১৮ কোটি মানুষের উন্নয়নে বর্তমান সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পুতুল। শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে নাটোরের সিংড়া উপজেলা অডিটোরিয়ামে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠানে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী পুতুল বলেন, বিগত আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে ধ্বংসস্তূপে পরিণত করে গেছে। এ অবস্থা থেকে দেশকে উত্তরণে বর্তমান সরকার দিনরাত কাজ করছে।
তিনি আরও বলেন, দেশের মেরুদণ্ড ধ্বংস করে পরনির্ভরশীল করতে যা যা করা দরকার, আওয়ামী লীগ সরকার তার সবই করেছে। বিএনপি সরকার বিদ্যুৎ, গ্যাস ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের পাশাপাশি দেশকে পরনির্ভরশীলতা থেকে মুক্ত করতে নিরলসভাবে কাজ করছে।
অনুষ্ঠানে নাটোর-৩ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম আনু, জেলা বিএনপির সদস্যসচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাতসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।