ঝিনাইদহের মহেশপুরে মাদকের টাকার জন্য মাকে গলা কেটে হত্যা
ঝিনাইদহ করেসপনডেন্ট
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ১২:৩৩ পিএম
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় মাদকের টাকার জন্য বিরোধের জেরে মা শখের বানুকে (৫৭) জবাই করে নৃশংসভাবে হত্যা করেছে তার মাদকাসক্ত ছেলে। শুক্রবার বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভোররাতের দিকে উপজেলার শ্যামকুড় পশ্চিমপাড়া গ্রামে এই বর্বরোচিত ঘটনাটি ঘটে। ঘটনার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত ছেলে ইখলাসুর রহমানকে আটক করেছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ইখলাসুর দীর্ঘদিন ধরে নিয়মিত মাদক সেবন করত এবং মাদকের টাকার জন্য প্রায়ই তার মা শখের বানুর সাথে চরম বাগবিতণ্ডা ও কলহে লিপ্ত হতো। বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতেও সে মায়ের কাছে মাদকের জন্য টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের মধ্যে তীব্র কথা-কাটাকাটি হয়।
পরবর্তীতে ভোররাতের দিকে ছেলে ইখলাসুর মায়ের শোবার ঘরে প্রবেশ করে এবং ধারালো অস্ত্র দিয়ে তাকে জবাই করে হত্যা করে পালিয়ে যায়।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদক সেবনের টাকা নিয়ে বিরোধের জেরেই সন্তান তার গর্ভধারিণী মাকে নির্মমভাবে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে।
ঘটনার পর অভিযান চালিয়ে গ্রামেরই পার্শ্ববর্তী একটি স্থান থেকে ঘাতক ছেলে ইখলাসুর রহমানকে আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
/এএ