ইজারাদারের কর্মীকে মারধর
ত্রিশালের ইউএনও আরাফাত সিদ্দিকীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ০৯:৩৩ পিএম
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার একটি বালুমহালে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে গিয়ে ইজারাদারের এক কর্মীকে মারধরের অভিযোগ ওঠা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত সিদ্দিকীকে বদলি করেছে সরকার। তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, আরাফাত সিদ্দিকীকে ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (সংযুক্ত) পদে পদায়ন করা হয়েছে।
এর আগে, বুধবার (১২ আগস্ট) দুপুরে উপজেলার কাঁঠাল ইউনিয়নের কালীরবাজার এলাকার কুলুরবাড়ি বালুমহালে এ মারধরের ঘটনা ঘটে।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, ইউএনও আরাফাত সিদ্দিকী বালুমহালের অফিসকক্ষে প্রবেশ করে কাগজপত্র দেখতে চান। এ সময় সৃষ্টি এন্টারপ্রাইজের ব্যবস্থাপক সারোয়ার জাহান ওরফে বাচ্চু অভিযানে অংশ নেওয়া ব্যক্তিদের পরিচয় জানতে চাইলে ইউএনও ক্ষিপ্ত হয়ে তাকে থাপ্পড় মারেন। পরে র্যাবের এক সদস্য সারোয়ারকে সরিয়ে নেওয়ার চেষ্টা করলে ইউএনও তার হাত থেকে একটি লাঠি নিয়ে কয়েক দফা আঘাত করেন।
/এনএ