লালমনিরহাটে জুয়ার প্রতিবাদ করায় কলেজ শিক্ষকের ওপর হামলাকারী গ্রেফতার
স্টাফ করেসপনডেন্ট, লালমনিরহাট
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ০৮:০৫ পিএম
মাদক ও অনলাইন জুয়ার প্রতিবাদ করায় লালমনিরহাটে কলেজ শিক্ষক আরিফুল ইসলামের (৩৫) ওপর হামলার মুল অভিযুক্ত রহিদুলকে গ্রেফতার করেছে র্যাব।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে এক প্রেস বিজ্ঞাপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন রংপুর র্যাব-১৩ এর সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।
এর আগে, বুধবার রাতে রাজধানী ঢাকার হাতিরঝিল নয়াটোলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রহিদুল ইসলাম আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের গন্ধমরুয়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়— লালমনিরহাট সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আরিফুল ইসলাম তার নিজ এলাকা দুর্গাপুর ইউনিয়নের গন্ধমরুয়া গ্রামের মাদক ও জুয়া চক্রকে সতর্ক করেন এবং এসব থেকে সড়ে আসার আহ্বান জানান। তার গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে রহিদুল ইসলামের নেতৃত্বে ওই গ্রামের হাসান আলী, মেহেদী হাসান, পারভেজ, মমিন মিয়া ও হৃদয় মিয়াসহ কয়েকজনের নেতৃত্বে একটি বড় অনলাইন জুয়া পরিচালিত হচ্ছে।
এ খবরে তাদেরকে ডেকে নিয়ে সতর্ক করে এসব থেকে সরে আসার আহ্বান জানান কলেজ শিক্ষক আরিফুল ইসলাম। সরে না এলে আইন শৃঙ্খলা বাহিনীকে অবগত করার ঘোষণা দেন তিনি। সমাজ থেকে সামাজিক অপরাধ দমনের এ ঘোষণা কাল হয়ে দাঁড়ায় কলেজ শিক্ষকের।
গত ১ আগস্ট প্রতিদিনের মত কলেজ থেকে বাড়ি ফিরছিলেন কলেজ শিক্ষক আরিফুল ইসলাম। এ সময় আগে থেকে ওত পেতে থাকা রহিদুলের নেতৃত্বে জুয়া চক্রটি দেশি অস্ত্রে শিক্ষক আরিফুলের উপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে আরিফুলের মাথায় কুপিয়ে রক্তাক্ত জখম করে।
পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় আরিফুলকে উদ্ধার করে প্রথমে লালমনিরহাট সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসকরা তাৎক্ষনিক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। সেখানে অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা এভার কেয়ার হাসপাতালের আইসিইউ ওয়ার্ডে ভর্তি করা হয়।
এদিকে গত ৬ আগস্ট আরিফুলের গর্ভবতি স্ত্রী ক্লিনিকে অস্ত্রপাচার করে ছেলে সন্তানের জন্ম দেন। সমাজ আলোকিত করতে গিয়ে কলেজ শিক্ষক আরিফুলের পরিবার আজ দিশেহারা। অসুস্থ স্ত্রী আর সন্তানের মুখ দেখতে তাদের পাশে থাকার কথা শিক্ষক আরিফুল নিজেই মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন এভার কেয়ার হাসপাতালের আইসিইউতে।
এ ঘটনায় শিক্ষক আরিফুলের বাবা আবু বক্কর সিদ্দিক বাদি হয়ে পরদিন ২ আগস্ট রহিদুলকে প্রধান করে ১০ জনের বিরুদ্ধে আদিতমারী থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলায় ৮জন আদালত থেকে জামিনে মুক্তি পেলেও প্রধান অভিযুক্ত রহিদুল পলাতক ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার রাতে ঢাকার হাতিরঝিল নয়াটোলা এলাকায় অভিযান চালিয়ে রহিদুলকে গ্রেপ্তার করে র্যাব।
রংপুর র্যাব-১৩ এর সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, বহুল আলোচিত কলেজ শিক্ষক আরিফুলের উপর হামলা ও হত্যার চেষ্টা মামলার প্রধান অভিযুক্ত রহিদুলকে ঢাকা থেকে গ্রেফতা করা হয়েছে।
/এমএইচআর