রংপুরে নিজ অটোরিকশার গ্যারেজ থেকে মালিকের মরদেহ উদ্ধার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ১১:৩২ এএম
রংপুর মহানগরীতে নিজ অটোরিকশা গ্যারেজের তালাবদ্ধ ঘর থেকে আব্দুর রহমান (৬০) নামের এক গ্যারেজ মালিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে দশটায় নগরীর আনসারীর মোড় এলাকার একটি অটোরিকশা গ্যারেজের তালা ভেঙে ভেতরে থাকা তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আব্দুর রহমান ওই এলাকার মৃত তামিরুদ্দিনের ছেলে।
প্রাথমিক তদন্তের বরাত দিয়ে তাজহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, বুধবার রাতের দুষ্কৃতকারীরা আব্দুর রহমানের মাথায় মারাত্মক আঘাত করে তাকে হত্যা করে। হত্যাকাণ্ডের পর দুর্বৃত্তরা তার কাছে থাকা নগদ টাকা লুট করে নিয়ে যায় এবং বাইরে থেকে গ্যারেজে তালা ঝুলিয়ে পালিয়ে যায়।
খবর পেয়ে সিআইডির একটি বিশেষ ক্রাইম সিন টিম ঘটনাস্থল পরিদর্শন করে আলামত ও প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করেছে। পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরির পর তা ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চালাচ্ছে।
এ হত্যাকাণ্ডে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে এরই মধ্যে পুলিশের একাধিক দল অভিযানে নেমেছে বলে জানিয়েছেন ওসি।
/এএ