×
Logo

সারাদেশ

রংপুরে হিমাগার ভাড়া কমানোর দাবিতে কৃষি বিপণন অফিস ঘেরাও

রংপুর ব্যুরো

প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ০৫:৫৬ পিএম

রংপুরে হিমাগার ভাড়া কমানোর দাবিতে কৃষি বিপণন অফিস ঘেরাও

জেলা প্রশাসনের গঠিত কমিটির নির্ধারিত ভাড়ার চেয়ে হিমাগারগুলোতে আলুর সংরক্ষণ মূল্য দ্বিগুণ নেওয়ার প্রতিবাদে রংপুরে কৃষি সম্প্রসারণ অধিদফতরের বিপণন অফিস ঘেরাও করে প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে আলুচাষী ও ব্যবসায়ীরা।  

বুধবার (১২ আগস্ট) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত এই কর্মসূচি পালন করে তারা। এসময় বিক্ষোভ প্রদর্শন করেন ভুক্তভোগী আলুচাষী ও ব্যবসায়ীরা। পরে সেখানে বক্তব্য রাখেন জেলা আলুচাষী ও ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ তৈয়বুর রহমান, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ বণিক, আন্দোলন সমন্বয় কমিটির আহ্বায়ক মোহাম্মদ তহিদুল ইসলামসহ আরও অনেকে। 

এসময় বক্তারা বলেন, রংপুর জেলা প্রশাসনের গঠিত কমিটি হিমাগারে আলু সংরক্ষণে কেজি প্রতি ২ টাকা ৩৭ পয়সা থেকে ৩ টাকা ৪৩ টাকা পর্যন্ত খরচ হওয়ার প্রতিবেদন দিলেও হিমাগারগুলো ৬ টাকা ৭৫ পয়সা থেকে ৭টা পর্যন্ত আদায় করছে। এতে লোকসানর মুখে পড়েছেন আলুচাষী ও ব্যবসায়ীরা। অবিলম্বে ভাড়া কমিয়ে ৪ টাকা করার দাবি জানান তারা।

উল্লেখ্য, এর আগে হিমাগার ভাড়া কমানোর দাবিতে আলু চাষীরা আন্দোলন করলে ভাড়া নির্ধারণে কমিটি করে দেয় জেলা প্রশাসন। কিন্তু কমিটির নির্ধারিত ভাড়া মানছে না হিমাগার মালিকরা। 

এ ব্যাপারে রংপুর কৃষি বিপণন অধিদফতরের উপ-পরিচালক আলমগীর বাদশা জানান, হিমাগারের সংরক্ষণ ভাড়া কমানোর দাবির স্মারকলিপি পেয়েছি। পাশাপাশি এ বিষয়ে কাজ করা হচ্ছে বলেও জানান তিনি।  

/এনএ 

Logo