×
Logo

সারাদেশ

জঙ্গল সলিমপুরে নানা সুবিধায় তৈরি হচ্ছে আধুনিক কারাগার

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ১১:২১ এএম

জঙ্গল সলিমপুরে নানা সুবিধায় তৈরি হচ্ছে আধুনিক কারাগার

একসময়কার ভয়ংকর জনপদ হিসেবে পরিচিত চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে আধুনিক কারাগার নির্মাণের পরিকল্পনা অনেকটাই চূড়ান্ত হয়েছে। এরই মধ্যে কারা কর্তৃপক্ষ  ১০০ একর জায়গা চেয়ে চিঠি দিয়েছে। যেখানে বন্দী রাখার পাশাপাশি পুনর্বাসন সুবিধাও থাকবে।

৩ হাজার ১০০ একরের এই জঙ্গল সলিমপুর কদিন আগেও ভয়ংকর জনপদ হিসেবে পরিচিত ছিল। বলা হতো, রাষ্ট্রের ভেতর আরেক রাষ্ট্র। যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানে প্রশাসন নিয়ন্ত্রণে নেওয়ার পর তার চিত্র পাল্টেছে। পাহাড়ঘেরা এই জনপদ ঘিরে এখন নানা পরিকল্পনা করছে সরকার।

বর্তমানে লালদীঘির পাড়ে ১৪ দশমিক ৪০ একরের চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দী ধারণক্ষমতা ২ হাজার ২৪৯ জন। কিন্তু সেখানে বন্দী আছে সাড়ে ৬ হাজার। 

জঙ্গল সলিমপুরে কারাগারের জন্য নির্ধারিত জায়গাটিতে বন্দীদের জন্য পাঠাগার, সংশোধনাগার, আত্মকর্মসংস্থানের জন্য প্রশিক্ষণ কেন্দ্র, শরীরচর্চা কেন্দ্র, স্পোর্টস জোন ও ধর্মীয় উপাসনালয় থাকবে। এছাড়া, প্রতি বন্দীর থাকা-খাওয়ার জন্য ৭০ থেকে ১০০ বর্গফুটের স্থান থাকবে।

এদিকে, জঙ্গল সলিমপুরে কারাগারসহ বিভিন্ন সরকারি স্থাপনা নির্মাণের পরিকল্পনার কথা জানার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে উচ্ছেদ আতঙ্ক তৈরি হয়েছে। তবে পরিবেশের ক্ষতি না করে এবং বসতি উচ্ছেদ না করেই পরিকল্পিতভাবে কারাগার নির্মাণের চেষ্টা করা হবে বলে জানিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন।

চট্টগ্রামের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা বলেন, বর্তমান চট্টগ্রাম কারাগারে বন্দীদের বসবাসের পরিবেশ অত্যন্ত অনুপযোগী ও অস্বাস্থ্যকর। তাই একটি আধুনিক কারাগার নির্মাণ সরকারের অঙ্গীকারের অংশ এবং সেই লক্ষ্যে কাজ চলছে।

/এএন

Logo