×
Logo

সারাদেশ

যমুনা টিভিতে সংবাদ প্রচারের পর সাতক্ষীরায় কারাগার থেকে পালানো দুই বন্দি গ্রেফতার

স্টাফ করেসপনডেন্ট, সাতক্ষীরা

প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ১১:১৩ পিএম

যমুনা টিভিতে সংবাদ প্রচারের পর সাতক্ষীরায় কারাগার থেকে পালানো দুই বন্দি গ্রেফতার

যমুনা টেলিভিশনে সংবাদ প্রচারের পর সাতক্ষীরা কারাগার ভাংচুর ও লুটপাট করে পলাতক ৪১ বন্দির মধ্যে মোজাম গাজী ও রফিকুল ইসলাম গাজী নামের দুই বন্দিকে আটক করেছে শ্যামনগর থানা পুলিশ।

মঙ্গলবার (১১ আগষ্ট) রাত ১০ টা ও সাড়ে ১০টার দিকে পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক মোজাম গাজী শ্যামনগর উপজেলার শ্রীফলকাটি গ্রামের মৃত মোহাম্মদ গাজীর ছেলে ও রফিকুল ইসলাম গাজী নওয়াবেকী গ্রামের তাবের গাজীর ছেলে।

শ্যামনগর থানার ওসি সাফিউল ইসলাম পাটওয়ারী জানান, চব্বিশের পাঁচ আগষ্ট সাতক্ষীরা কারাগার ভাংচুর ও লুটপাট কারাগার থেকে পালিয়ে যায় মোজাম গাজী ও রফিকুল ইসলাম। ভিন্ন ভিন্ন মামলায় তারা কারাগারে আটক ছিলেন। জেল থেকে পালানোর পর থেকেই তারা আত্নগোপনে ছিলেন। 

তিনি আরও জানান, মঙ্গলবার উপজেলার শ্রীফলকাটি এলাকা থেকে মোজাম গাজী ও নওয়াবেকী এলাকায় অভিযান চালিয়ে রফিকুল গাজীকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি অন্য জেল পলাতক বাকি আসামীদের গ্রেফতারেও অভিযান চলছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগষ্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকার পতনের পর সাতক্ষীরা কারাগার ভাংচুর ও লুটপাট করে পালিয়ে যাওয়া ৮৭ বন্দির বিরুদ্ধে ১৫ আগষ্ট মামলা করে কারা কর্তৃপক্ষ।

এর মধ্যে, ৪৬ বন্দি বিভিন্ন সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে আটক হলেও ৪১ বন্দি গেল দুই বছর নিখোঁজ। এ নিয়ে সোমবার (১০ আগষ্ট) যমুনা টেলিভিশনে সংবাদ প্রচারে পর পলাতক এসব বন্দিদের গ্রেফতারে জেলা ব্যাপী অভিযান শুরু করে পুলিশ। এরই মধ্যে এখন পর্যন্ত পলাতক দুই বন্দি গ্রেফতার করা হয়েছে।

/এনএ 

Logo