কুড়িগ্রামে সরকারি ওষুধ পোড়ানোর অভিযোগে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন
কুড়িগ্রাম করেসপনডেন্ট
প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ১০:০৭ পিএম
কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের জন্য বরাদ্দকৃত সরকারি ওষুধ আগুনে পুড়িয়ে ফেলার চাঞ্চল্যকর ঘটনায় তিন সদস্যের এক উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছেন জেলা সিভিল সার্জন।
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে কুড়িগ্রামের সিভিল সার্জন এ তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে সোমবার রাতে রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে বিপুল পরিমাণ সরকারি ওষুধ আগুনে পুড়িয়ে বিনষ্ট করার অভিযোগ ওঠে। বিষয়টি স্থানীয় বাসিন্দাদের নজরে এলে তারা তীব্র প্রতিবাদ ও আপত্তি জানান।
স্থানীয় রোগীদের অভিযোগ, হাসপাতালে চিকিৎসা নিতে গেলে প্রায়ই সরকারি ওষুধ পাওয়া যায় না এবং দরিদ্র রোগীদের বাধ্য হয়ে বাহিরের ফার্মেসি থেকে চড়া দামে ওষুধ কিনতে হয়। এ সময় তারা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সারওয়ার জাহানের বিরুদ্ধে নিয়মিত কর্মস্থলে অনুপস্থিত থাকা ও নানা প্রশাসনিক অনিয়মের অভিযোগ তোলেন।
তবে অভিযোগের বিষয়ে ডা. সারওয়ার জাহান দাবি করেন, হাসপাতালের পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে কিছু পুরাতন কাগজপত্র পোড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সে সময় করোনাকালের অব্যবহৃত কিছু মেয়াদোত্তীর্ণ ওষুধ একসঙ্গে বিনষ্ট করা হয়।
এ ব্যাপারে কুড়িগ্রামের সিভিল সার্জন জানান, সরকারি ওষুধ পোড়ানোর বিষযটি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত কমিটির প্রতিবেদন হাতে পাওয়ার পর অনিয়মে জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
/এএ