নারায়ণগঞ্জে কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ড
নারায়ণগঞ্জ করেসপনডেন্ট
প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ০৭:৩৮ পিএম
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন সানারপাড় এলাকায় একটি কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের আধা ঘণ্টার আপ্রাণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে গোডাউনের ভেতরে থাকা বিপুল পরিমাণ মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে সানারপাড় এলাকায় অবস্থিত ওই কেমিক্যাল গোডাউনে আকস্মিক এই আগুনের সূত্রপাত ঘটে।
স্থানীয় বাসিন্দারা জানান, বিকেলে হঠাৎ করেই গোডাউনের ভেতর থেকে বিকট শব্দ ও ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই বিষাক্ত কালো ধোঁয়ায় চারপাশ ছেয়ে গেলে পুরো এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। আশপাশের দোকানপাট ও ভবনের মানুষ হুড়োহুড়ি করে নিরাপদ দূরত্বে সরে যান।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে এবং প্রায় ৩০ মিনিটের প্রচেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
অগ্নিকাণ্ডের বিষয়ে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে গোডাউনের ভেতরে ব্যবহৃত কেমিক্যাল মেশিনের কোনো যান্ত্রিক ত্রুটি বা শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে অগ্নিকাণ্ডে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট পরিমাণ নির্ধারণে কাজ চলছে।
/এএ