বাংলাদেশি একজনকে ধরে নিয়ে গেল বিএসএফ, দুই ভারতীয়কে ধরে আনলেন এলাকাবাসী
মেহেরপুর করেসপনডেন্ট
প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ০৫:৪৩ পিএম
মেহেরপুরের ইছাখালী সীমান্তে এক বাংলাদেশি কৃষককে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ধরে নিয়ে যাওয়ার জের ধরে দুই ভারতীয় কৃষককে আটকে রাখেন স্থানীয় বাসিন্দারা। পরবর্তীতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে দুই দেশের আটককৃত তিন নাগরিককেই মুক্তি দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) সকালে মেহেরপুর সদর উপজেলার ইছাখালী সীমান্তে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শূন্যরেখা সংলগ্ন নিজের জমিতে ফসল চাষ করতেন বাংলাদেশি কৃষক আব্দুল মান্নান। সকালে তিনি জমিতে কীটনাশক স্প্রে করতে গেলে বিএসএফের সদস্যরা তাকে জোরপূর্বক ধরে ভারতীয় ভূখণ্ডে নিয়ে যায়। এ ঘটনা জানাজানি হলে বাংলাদেশ অংশের ক্রুদ্ধ এলাকাবাসী সীমান্তে অবস্থানরত দুই ভারতীয় কৃষককে ধরে আটক করে নিয়ে আসে।
ঘটনাকে কেন্দ্র করে সীমান্তজুড়ে উত্তেজনা তৈরি হলে দ্রুত পদক্ষেপে নেয় বিজিবি। দুপুরে ইছাখালী সীমান্তে বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে এক জরুরি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বিএসএফ বাংলাদেশি কৃষক আব্দুল মান্নানকে ফেরত দেয় এবং বিজিবির উপস্থিতিতে স্থানীয় বাসিন্দারা আটক দুই ভারতীয় কৃষককে বিএসএফের কাছে হস্তান্তর করেন। হস্তান্তরের পর সীমান্তে পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে বলে নিশ্চিত করেছে বিজিবি।
/এএ