×
Logo

সারাদেশ

নারায়ণগঞ্জে খাল দখল করে কৃত্রিম জলাবদ্ধতা সৃষ্টির সুযোগ কাউকে দেওয়া হবে না: পানিসম্পদ প্রতিমন্ত্রী

নারায়ণগঞ্জ করেসপনডেন্ট

প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ০৫:১৪ পিএম

নারায়ণগঞ্জে খাল দখল করে কৃত্রিম জলাবদ্ধতা সৃষ্টির সুযোগ কাউকে দেওয়া হবে না: পানিসম্পদ প্রতিমন্ত্রী

নারায়ণগঞ্জে সরকারি খাল দখল করে কৃত্রিম জলাবদ্ধতা তৈরির সুযোগ কাউকেই দেওয়া হবে না বলে তীব্র হুঁশিয়ারি দিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

মঙ্গলবার (১১ আগস্ট) নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) আওতাধীন ঐতিহাসিক 'অগ্রণী সেচ প্রকল্প'-এর যাত্রামুড়া পাম্প হাউজ এবং প্রধান নিষ্কাশন খালের বিভিন্ন অংশ সরজমিনে পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী উপস্থিত সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্পষ্ট নির্দেশনায় খালের ওপর থাকা সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালিত হবে। সরকারের নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে স্থানীয় প্রশাসন ও পাউবো পুরোদমে কাজ চালিয়ে যাচ্ছে।

তিনি আরও উল্লেখ করেন, ১৯৭৬ সালে তৎকালীন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান নারায়ণগঞ্জ-নরসিংদী অঞ্চলের কৃষি ও সেচ ব্যবস্থার আমূল পরিবর্তনের লক্ষ্যে এই অগ্রণী সেচ প্রকল্পের সূচনা করেছিলেন। কিন্তু পরবর্তীতে অনিয়ন্ত্রিত ও অপরিকল্পিত শিল্পায়নের থাবায় প্রকল্পের মূল্যবান জমি এবং প্রধান প্রধান খালগুলো অবৈধ দখলের কবলে পড়ে যায়।

প্রকল্পটি পূর্ণাঙ্গ রূপ পেলে এলাকার জলাবদ্ধতা দূর হওয়ার পাশাপাশি সড়কপথের পরিপূরক হিসেবে একটি আধুনিক ও পরিবেশবান্ধব নৌপথ চালু হবে বলেও আশা প্রকাশ করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী।

/এএ  

Logo