চাঁদপুরের বানিয়াচোঁতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩
স্টাফ করেসপনডেন্ট, চাঁদপুর
প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ১১:০৮ এএম
চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের চাঁদপুরের শাহরাস্তি উপজেলার বানিয়াচোঁ এলাকায় ওভারটেক করতে গিয়ে বাস ও হাইড্রোলিক বালুবাহী ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৩ যাত্রী নিহত ও ১৫ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (১১ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে শাহরাস্তি উপজেলার বানিয়াচোঁ পাটোয়ারী বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কে ওভারটেক করার সময় আল আরাফা বাস ও বিপরীত দিক থেকে আসা হাইড্রোলিক বালুবাহী ট্রাকের মধ্যে সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাক দুটিই সড়কের ওপর ছিটকে পড়ে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজন নিহত হন। এছাড়া কয়েকজন যাত্রী গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন।
আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। এদিকে, দুর্ঘটনার কারণে মহাসড়কে কিছুসময় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।
শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে, এখন পর্যন্ত নিহতদের নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
/এএন