×
Logo

সারাদেশ

চাঁদপুরে তিন নদীর মোহনার ঘূর্ণিস্রোতে ৪,৪০০ বস্তা সিমেন্টসহ কার্গো নিমজ্জিত

স্টাফ করেসপন্ডেন্ট, চাঁদপুর

প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ০১:৫৩ এএম

চাঁদপুরে তিন নদীর মোহনার ঘূর্ণিস্রোতে ৪,৪০০ বস্তা সিমেন্টসহ কার্গো নিমজ্জিত

চাঁদপুরের মেঘনা, ডাকাতিয়া ও পদ্মা—এই তিন নদীর মোহনায় ভয়াবহ ঘূর্ণিস্রোতের কবলে পড়ে ৪ হাজার ৪০০ বস্তা সিমেন্ট বোঝাই একটি মালবাহী কার্গো ট্রলার ডুবে গেছে। এ সময় কার্গোতে থাকা চারজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করেছেন স্থানীয় নৌযান চালক ও মাঝিরা। 

সোমবার (১০ আগস্ট) দুপুর ১২টার দিকে চাঁদপুর বড় স্টেশন মোলহেডের মেঘনা নদীর মোহনায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ থেকে ৪ হাজার ৪০০ বস্তা 'শাহ সিমেন্ট' বোঝাই করে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হয় 'এইচ এম পরিবহন'-এর একটি মালবাহী কার্গো। ট্রলারটি তিন নদীর সংযোগস্থলে পৌঁছালে তীব্র ঘূর্ণিস্রোতের তোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে নদীগর্ভে তলিয়ে যায়। 

এ সময় কার্গোর সুকানি আইয়ুব আলীসহ চার কর্মী পানিতে পড়ে গেলে আশপাশের নৌকার মাঝিরা দ্রুত এগিয়ে এসে তাদের জীবিত উদ্ধার করেন। পরবর্তীতে তাদের চাঁদপুর সরকারি হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

ডুবে যাওয়া কার্গোটির মালিক প্রবাসফেরত হানিফ বেপারী জানান, প্রবাসে অর্জিত সমস্ত সম্বল দিয়ে ট্রলারটি কিনে সিমেন্ট পরিবহনের ব্যবসা শুরু করেছিলেন। কিন্তু মোহনার হঠাৎ ঘূর্ণিপাকে মুহূর্তেই তার কোটি টাকার স্বপ্ন জলে ভেসে গেল।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বড় স্টেশন এলাকার তিন নদীর এই মোহনা নৌযান চলাচলের জন্য অত্যন্ত বিপজ্জনক ও ঝুঁকিপূর্ণ। এর আগেও একাধিক যাত্রীবাহী লঞ্চ ও পণ্যবাহী ট্রলার এখানে দুর্ঘটনার শিকার হয়েছে।

খবর পেয়ে চাঁদপুর নৌ পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌছালেও পানির তীব্র গভীরতা ও স্রোতের কারণে ডুবে যাওয়া ট্রলার বা সিমেন্ট উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন নৌ পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. আজমগীর হোসাইন।

/এএ 

Logo