×
Logo

সারাদেশ

শরীয়তপুরের জাজিরায় দু'পক্ষের সংঘর্ষে নিহত ১

শরীয়তপুর করেসপনডেন্ট

প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ১০:১১ পিএম

শরীয়তপুরের জাজিরায় দু'পক্ষের সংঘর্ষে নিহত ১

শরীয়তপুরের জাজিরার দুপক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণের ঘটনায় মান্নান সরদার (৭০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (১০ আগস্ট) রাতে উপজেলার মূলনা ইউনিয়নের লাউখোলা এলাকায় এ ঘটনা ঘটে। এসময় বিস্ফোরণে একজনের হাত উড়ে যাওয়ার পাশাপাশি কমপক্ষে ১০ জন আহত হয়েছে। নিহত মান্নান সরদার পার্শ্ববর্তী সেনেরচর ইউনিয়নের চরধুপুর চরকান্দি এলাকার মৃত আলিউদ্দিন সরদারের ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার লাউখোলা এলাকার রেজাউল শিকদার ও তার সমর্থকদের সাথে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ তমিজ খাঁ ও তার সমর্থকদের। সোমবার সন্ধ্যায় লাউখোলা এলাকায় দুপক্ষের লোকজন সংঘর্ষে জড়ালে বেশ কিছু ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এতে কমপক্ষে ১০ জন আহত হয়। এদের মধ্যে রেজাউল শিকদারের গ্রুপের সমর্থক মান্নান সরদার নামের এক ব্যক্তিকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। অপরদিকে তমিজ খাঁ গ্রুপের সমর্থক রিপন মোল্লা নামের এক ব্যক্তিকে হাতবোমার আঘাতে গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ বলেন, জাজিরায় দুপক্ষের সংঘর্ষের ঘটনায় এক ব্যক্তি নিহতের খবর পেয়েছি। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেয়া হবে।

/এএ 

Logo