×
Logo

সারাদেশ

নানা আয়োজনে এস এম সুলতানের জন্মবার্ষিকী পালিত

নড়াইল করেসপনডেন্ট

প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ০৭:৩৭ পিএম

নানা আয়োজনে এস এম সুলতানের জন্মবার্ষিকী পালিত

নড়াইলে নানা আয়োজনে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

সোমবার (১০ আগস্ট) শহরের মাছিমদিয়া এলাকায় এস এম সুলতান স্মৃতি সংগ্রহশালা ও জেলা শিল্পকলা একাডেমিতে নানা আয়োজন করা হয়।

কিংবদন্তি এই চিত্রশিল্পীর জন্মবার্ষিকী উপলক্ষ্যে সুলতান স্মৃতি সংগ্রহশালার আয়োজনের মধ্যে ছিল– কোরআন খতম, শিল্পীর সমাধিতে শ্রদ্ধাঞ্জলি, শিশুকিশোরদের চিত্রাঙ্কন উৎসব, আর্টক্যাম্প ও চিত্র প্রদর্শনী।

অন্যদিকে জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সুলতান পদক প্রদান অনুষ্ঠান। এতে চিত্রশিল্পী অধ্যাপক ড. আব্দুস সাত্তারের হাতে ‘এস এম সুলতান সম্মাননা পদক’ তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম, নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিনসহ সাংস্কৃতিক অঙ্গন ও প্রশাসনের কর্মকর্তারা।

চিত্রশিল্পী এস এম সুলতান ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইলের মাছিমদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পুরো নাম শেখ মোহাম্মদ সুলতান। চিত্রকলায় কৃষক ও শ্রমজীবী মানুষের জীবনসংগ্রাম, শক্তি ও সৌন্দর্যকে তিনি বিশেষভাবে তুলে ধরেছেন। এ কারণে তিনি পরিচিতি পান ‘মাটি ও মানুষের চিত্রশিল্পী’ হিসেবে।

১৯৯৪ সালের ১০ অক্টোবর অসাম্প্রদায়িক এই শিল্পী যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরে নড়াইল শহরের কুড়িগ্রামে স্মৃতি সংগ্রহশালা চত্বরে তাকে সমাহিত করা হয়।

সুলতানের স্মৃতিকে ধরে রাখার জন্য তার নিজ বাড়িতে নির্মিত হয়েছে এস এম সুলতান স্মৃতি সংগ্রহশালা।

/এএম

Logo