ফুলবাড়িয়ায় জামায়াতের আমিরসহ ৩ নেতা কারাগারে
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ০৬:৫৬ পিএম
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় মুরগির বিষ্ঠা ফেলা সংক্রান্ত বিরোধ ও হামলার ঘটনায় উপজেলা জামায়াতে ইসলামীর আমির, সাধারণ সম্পাদক ও কর্মপরিষদ সদস্যসহ তিন শীর্ষ নেতার নামে মামলা করা হয়। পরবর্তীতে উক্ত দায়েরকৃত মামলায় আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
রোববার (৯ আগস্ট) ময়মনসিংহ জেলা জজ আদালতে মামলার নির্ধারিত ধার্য তারিখে হাজির হয়ে জামিন আবেদন করেন আসামিরা। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে সরাসরি কারাগারে পাঠানোর আদেশ দেন।
কারাগারে পাঠানো তিন নেতা হলেন—ফুলবাড়িয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ফজলুল হক শামীম, সাধারণ সম্পাদক ডা. মো. আব্দুর রাজ্জাক এবং দলটির কর্মপরিষদ সদস্য আব্দুল মজিদ।
জামায়াত নেতাদের কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ জেলা জজ আদালতের আদালত পরিদর্শক মোস্তাছিনুর রহমান।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৮ এপ্রিল ফুলবাড়িয়া উপজেলার কাহালগাঁও গ্রামের বাসিন্দা আব্দুল কাইয়ুম তালুকদার বাদী হয়ে এ মামলা করেন। এজাহারে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ৪৮ জন নেতা-কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২০০ জনকে আসামি করা হয়।
মুরগির বিষ্ঠা ফেলা নিয়ে পূর্ব শত্রুতার জেরে হামলা, সন্ত্রাস ও চাঁদাবাজির অভিযোগে মামলাটি দায়ের করা হয়। এই মামলায় স্থানীয় ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনের সংসদ সদস্য কামরুল হাসান মিলনের সহ আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।
এদিকে মামলার নির্ধারিত শুনানির দিনে আদালতে উপস্থিত না হওয়ায় আসামি তালিকাভুক্ত আরও একাধিক ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
/এএ