গাইবান্ধায় কৃষক দম্পতির ২ লাখ টাকা কেটে ছিন্নভিন্ন করল উইপোকা
গাইবান্ধা করেসপনডেন্ট
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ০৩:২৭ পিএম
গাইবান্ধায় মেয়ের বিয়ে আর পরিবারের ভবিষ্যতের কথা ভেবে বছরের পর বছর কষ্ট করে টাকা জমিয়েছিলেন কৃষক তোফাজ্জল হোসেন ভাটিয়া। নিজের প্রয়োজন মিটিয়ে অল্প অল্প করে জমানো সেই সঞ্চয় রেখেছিলেন বাড়ির একটি কাঠের আলমারিতে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে নিরাপদ মনে করা সেই আলমারিতেই উইপোকা বাসা বাঁধে। আর সেই উইপোকার আক্রমণেই মুহূর্তে তার প্রায় দুই লাখ টাকার কষ্টার্জিত সঞ্চয় ছিন্নভিন্ন হয়ে যায়।
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নের ধুমাইটারি গ্রামের ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনাটি ঘটে। শুক্রবার (৭ আগস্ট) বিকেলে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা জানান, কৃষক তোফাজ্জল হোসেন ভাটিয়া দীর্ঘদিন ধরে কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে আসছেন। স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে তার সংসার। দীর্ঘদিন ধরে টাকা জমাচ্ছিলেন তিনি।
সেই টাকা নিরাপদ মনে করে একটি কাঠের আলমারিতে রেখে দেন। কিন্তু দীর্ঘদিন পর আলমারি খুলে দেখা যায়, উইপোকার আক্রমণে টাকার নোটগুলো কেটে ছিন্নভিন্ন হয়ে গেছে। কষ্টে জমানো প্রায় দুই লাখ টাকা এক মুহূর্তেই পরিণত হয়েছে মূল্যহীন কাগজের টুকরোয়।
ঘটনার সত্যতা স্বীকার করে দহবন্দ ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. ছোবেদ আলী বলেন, শুক্রবার বিকেলে নতুন করে কাঠের আলমারিতে টাকা রাখতে গিয়ে তোফাজ্জল দেখতে পান, তার জমানো টাকাগুলো উইপোকে কেটে নষ্ট করে ফেলেছে।
তিনি বলেন, লোকটি অনেক কষ্ট করে ভবিষ্যতের কথা চিন্তা করে টাকা জমিয়েছিল। অভাবের এই সময়ে এত টাকা নষ্ট হওয়ায় বিষয়টি সত্যিই কষ্টদায়ক।
/এএন