×
Logo

সারাদেশ

আইনমন্ত্রী

সকল সিন্ডিকেট ভেঙে, প্রান্তিক কৃষক যেন লাভবান হয় সেই উদ্যোগ গ্রহণ করবে সরকার

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬, ১২:৩৬ পিএম

সকল সিন্ডিকেট ভেঙে, প্রান্তিক কৃষক যেন লাভবান হয় সেই উদ্যোগ গ্রহণ করবে সরকার

সারাদেশের সকল সিন্ডিকেট ভেঙে, প্রান্তিক কৃষক যেন লাভবান হয় সেই উদ্যোগ গ্রহণ করবে সরকার বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। শনিবার (৮ আগস্ট) সকালে ঝিনাইদহের শৈলকুপায় পাট ও পেঁয়াজ বাজার পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, পণ্যের কৃত্রিম সংকটের পেছনে দায়ী মজুতদাররা। ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন অনুসারে মজুতদারদের জন্য শাস্তির বিধান আছে; সেখানে মজুতদারের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। সুতরাং যারা মজুতদারী করবেন তারা ভেবেচিন্তে করবেন।

এসময় তিনি বলেন, আমার আত্মতুষ্টির জন্য সরাসরি বাজারে এসেছি কোনো বিক্রেতা বা কোনো কৃষক কোনো অভিযোগ করে কিনা সেটা দেখার জন্য। এখন পর্যন্ত বিক্রেতারা খুশি আছে। তবে কেউ কেউ বলছে যারা ক্রয় করে তারা একটা সিন্ডিকেট করে কিনবেনা বলে সিদ্ধান্ত নিয়েছে। 

তিনি আরও বলেন, আমরা এক থেকে দুই সপ্তাহ দেখবো। তারপর তারা না কিনলে এখানে বিকল্প ব্যবসায়ী তৈরি হবে। এবং যারাই সিন্ডিকেট করে এই কিনবেনা বলে কৃষককে ক্ষতি করার চেষ্টা করবে, তারা আইনগতভাবে দণ্ডের মুখোমুখি হবে। সেটাও আমরা নিশ্চিত করব।

/এএন

Logo