×
Logo

সারাদেশ

প্রকল্প বাস্তবায়নের ধীরগতি অর্থনৈতিক সমৃদ্ধির মূল বাধা: অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬, ০৮:২২ এএম

প্রকল্প বাস্তবায়নের ধীরগতি অর্থনৈতিক সমৃদ্ধির মূল বাধা: অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা

প্রকল্প বাস্তবায়নের ধীরগতি অর্থনৈতিক সমৃদ্ধির মূল বাধা বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি বলেন, বিগত সরকার দেশের উন্নয়ন ব্যবস্থার যা অবস্থা রেখে গেছে, তা থেকে অর্থনীতিকে পুনরুদ্ধার ও পুনর্গঠন করে সমৃদ্ধির দিকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে 'বার্ষিক উন্নয়ন কর্মসূচি' বাস্তবায়নের নিম্নহার। 

শুক্রবার (৭ আগস্ট) বিকেলে রাজবাড়ি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা ও সদর উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভা শেষে তি‌নি সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়ার কারণে প্রকল্প গ্রহণ, বাস্তবায়ন ও মূল্যায়নে যেসব বড় বাধা তৈরি হয়েছে, তা কাটিয়ে উঠতে সরকার বিশেষ উদ্যোগ নিচ্ছে। ঢাকায় বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও বিভাগীয় প্রধানদের সাথে ইতোমধ্যেই সভা করা হয়েছে। যাতে প্রকল্পগুলোর বাস্তবায়ন হার শতভাগের কাছাকাছি নেওয়া যায়। এজন্য প্রয়োজন কেন্দ্রীয় পর্যায় থেকে নির্দেশনা ও কাঠামোগত সংস্কার। পাশাপাশি ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে গতি বাড়ানোর নানামুখী পদক্ষেপ আলোচনা করা হচ্ছে।

তিনি আরও বলেন, স্থানীয় সংসদ সদস্যরা এলাকাভিত্তিক জনগণের চাহিদাকে যেভাবে অনুধাবন করেন, তার ওপর ভিত্তি করে জনস্বার্থে দ্রুত প্রকল্প বাস্তবায়নের ব্যবস্থা করা হবে এবং উন্নয়ন প্রকল্প তৈরির ক্ষেত্রে সরকারি কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয় ঘটিয়ে জনগণের অধিকার ও প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি অগ্রাধিকার দিতে হবে।

/এসআর 

Logo