নরসিংদীতে গর্তের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
স্টাফ করেসপনডেন্ট, নরসিংদী
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬, ০৮:০৮ এএম
নরসিংদীতে বাড়ির পাশের গর্তে জমে থাকা পানিতে ডুবে তৌহিদ (৭) ও নাদিম (৬) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) দুপুরে মনোহরদী উপজেলার নোয়াদিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
তৌহিদ (৭) শিবপুর উপজেলার বৈলাব গ্রামের মাহবুবের ছেলে এবং নাদিম (৬) মনোহরদী উপজেলার নোয়াদিয়া গ্রামের বজলুর রহমানের ছেলে। তারা সম্পর্কে মামাতো ও ফুফাতো ভাই।
স্থানীয়রা জানান, বাড়ির পাশে খেলাধুলার একপর্যায়ে দুই শিশু গর্তে জমে থাকা পানিতে পড়ে যায়। অনেকক্ষণ তাদের খোঁজাখুঁজির পর পানির ভেতর থেকে তাদের উদ্ধার করে দ্রুত শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর বাদশা বলেন, শিবপুর ও মনোহরদী থানার সীমান্ত নোয়াদিয়া গ্রামে গর্তে জমা পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতাল হতে মরদেহ দুটি পরিবার নিয়ে গেছেন। পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে কোন অভিযোগ করা হয়নি।
/এসআর