নাটোরে বিমানমন্ত্রী ও হুইপের পথসভা থেকে উদ্ধার অস্ত্রটি খেলনা পিস্তল, দাবি পুলিশের
সিনিয়র করেসপনডেন্ট, নাটোর
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ০৮:৫৪ পিএম
নাটোরের দিঘাপতিয়ায় উত্তরা গণভবনের সামনে বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম ও জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলুর পথসভা থেকে পিস্তলসহ এক যুবককে আটক করেছে পুলিশ। তবে যাচাই-বাছাই শেষে উদ্ধার হওয়া অস্ত্রটি খেলনা পিস্তল বলে দাবি করেছে পুলিশ।
শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. ইফতে খায়ের আলম এ তথ্য জানান।
এদিকে, আটক হওয়া যুবকের নাম শামস আলামিন তামিম। তিনি শহরের কানাইখালী এলাকার মৃত শামসুল আলমের ছেলে।
পুলিশ জানায়, উত্তরা গণভবন পরিদর্শন শেষে বিমানমন্ত্রী ও হুইপের অংশ নেওয়া পথসভায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন আটক যুবক তামিম। মঞ্চ থেকে মন্ত্রী ও হুইপ নেমে যাওয়ার সময় তাকে তল্লাশি করা হলে একটি পিস্তল উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা পিস্তলটি যাচাই-বাছাই করে পুলিশ নিশ্চিত হয়, এটি কোনো আগ্নেয়াস্ত্র নয়, খেলনা পিস্তল।
আরও জানায়, তবে গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক কর্মসূচি ও ভিভিআইপি নিরাপত্তা এলাকার কাছাকাছি ওই যুবক কেন খেলনা পিস্তল নিয়ে অবস্থান করছিলেন, সে বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এমনকি উদ্ধার হওয়া বস্তুটি খেলনা হলেও এমন স্পর্শকাতর স্থানে সেটি নিয়ে যাওয়ার উদ্দেশ্য কী ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।
/এসআইএন