×
Logo

সারাদেশ

বিদ্যুৎস্পৃষ্ট ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বাবার

জয়পুরহাট করেসপনডেন্ট

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ০৬:৩৫ পিএম

বিদ্যুৎস্পৃষ্ট ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বাবার

ছবি: এআই জেনারেটেড

জয়পুরহাটের কালাই উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট ছেলেকে বাঁচাতে গিয়ে জামাল উদ্দিন জিলাদার (৪৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ছেলে প্রাণে বেঁচে গেলেও তার হাত মারাত্মকভাবে দগ্ধ হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) উপজেলার উদয়পুর ইউনিয়নের চাকবাড়ই (ইটাতলা) গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জামাল উদ্দিন ওই গ্রামের জফির উদ্দিনের ছেলে। তিনি স্থানীয় মোসলেমগঞ্জ বাজারে মোটরসাইকেল পার্টসের ব্যবসা করতেন। আহত ছেলের নাম রাসেল জিলাদার।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির পাশের গভীর নলকূপের ছিঁড়ে যাওয়া বিদ্যুতের তার একটি বাঁশ দিয়ে ঠেকানো ছিল। সকালে ছেলে রাসেল পুকুরে মাছের খাবার দিতে গিয়ে তারটি বাঁশ দিয়ে ওপরে তোলার চেষ্টা করে। এ সময় বাঁশের মাথা থেকে তারের ছেঁড়া অংশে ফসকে হাত লাগামাত্রই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সে মাটিতে আছড়ে পড়ে। দূরে থাকা বাবা জামাল উদ্দিন তা দেখে দ্রুত ছুটে এসে ছেলেকে সজোরে ধাক্কা দেন। এতে রাসেল ছিটকে পড়ে প্রাণে বাঁচলেও বাবা নিজেই বিদ্যুতের তারে আটকে যান। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে জামাল উদ্দিন মারা যান।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে এবং পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

/এসআইএন


Logo