×
Logo

সারাদেশ

ঝিনাইদহে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ২

ঝিনাইদহ করেসপনডেন্ট

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ১০:৫৫ এএম

ঝিনাইদহে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ২

ঝিনাইদহের শৈলকুপায় বালুবাহী ও ধানবোঝাই দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তুফান দাস (৩১) নামে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় অপর ট্রাকের চালক ও হেলপারসহ আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের শৈলকুপা উপজেলার বড়দাহ মাদ্রাসা সংলগ্ন এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত তুফান দাস সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার সোনাবাড়ি গ্রামের হরিপদ দাসের ছেলে।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে কুষ্টিয়া দিক থেকে ছেড়ে আসা একটি বালুবাহী ট্রাক মহাসড়কের বড়দাহ এলাকা অতিক্রমকালে বিপরীত দিক থেকে আসা ধানবোঝাই অপর একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি বিকট সংঘর্ষ হয়। এতে বালুবাহী ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক তুফান দাস কেবিনের ভেতর আটকা পড়েন। একই সাথে চালকের হেলপার ও অপর ট্রাকের চালক গুরুতর আঘাত পান।

ঘটনার খবর পেয়ে শৈলকুপা ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরবর্তীতে হাইড্রোলিক কাটার দিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে বালুবাহী ট্রাকের কেবিন কেটে চালক তুফান দাসকে উদ্ধার করা হয়, তবে তার আগেই তার মৃত্যু হয়।

শৈলকুপা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মহিউদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, রাত ১১টা ৩৫ মিনিটে দুর্ঘটনার সংবাদ পাওয়ার পর ফায়ার সার্ভিসের টিম তাৎক্ষণিক দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালায়। নিহত ব্যক্তির লাশ উদ্ধার শেষে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

/এএ

Logo