×
Logo

সারাদেশ

গ্যাস-বিদ্যুৎ সংকট ও দ্রব্যমূল্য বৃদ্ধি

রংপুরে প্রধানমন্ত্রী বরাবর ১১ দলের স্মারকলিপি

রংপুর ব্যুরো

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ০৫:০৬ পিএম

রংপুরে প্রধানমন্ত্রী বরাবর ১১ দলের স্মারকলিপি

গ্যাস সংকট, ভয়াবহ লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি ও ভূতুড়ে বিল আদায় ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে প্রধানমন্ত্রী বরাবর রংপুরের জেলা প্রশাসকের (ডিসি) মাধ্যমে স্মারকলিপি দিয়েছে ১১ দলীয় ঐক্য।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে নগরীর পাবলিক লাইব্রেরি মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে ডিসি অফিসে ঘেরাও করেন ১১ দলীয় জোটের নেতাকর্মীরা। এসময় তারা গ্যাস ও বিদ্যুৎ নিয়ে সরকারের বিপক্ষে বিভিন্ন ধরনের স্লোগান দেন। 

সেখানে বক্তব্য রাখেন ১১ দলীয় ঐক্যের রংপুর মহানগর আমির এটিএম আজম খান, সেক্রেটারি কে এম আনোয়ারুল হক কাজল, শ্রমিক কল্যাণ ফেডারেশন মহানগর সভাপতি অ্যাডভোকেট কাওছার আলী, এনসিপির জেলা আহ্বায়ক আল মামুন, মহানগর সদস্য সচিব আব্দুল মালেক, এবি পার্টির মহানগর সাধারণ সম্পাদক মাহাবুবার রহমান মাহবুব, লেবার পার্টির নেতা শামসুদ্দীন রাজা প্রমুখ।

এসময় তারা বলেন, সরকারের দায়িত্বশীলতার অভাবেই গ্যাস নাই, পানি নাই। ভয়াবহ লোডশেডিং। বিদ্যুতের মূল্য বৃদ্ধি করা হয়েছে। ভূতুড়ে বিল আদায় করা হচ্ছে। নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য আকাশচুম্বী। জনগণের নাভিশ্বাস উঠে গেছে। অবিলম্বে এসব বিষয়ে সমাধান করে জনগণকে স্বস্তি দেওয়ার দাবি জানান তারা। তা না হলে দেশের জনগণ চিন্তা করবেন আপনাদের ক্ষমতায় রাখবে কিনা। 

পরে, মহানগর জামায়াত আমির এটিএম আজম খানের নেতৃত্বে ১১ দলের একটি প্রতিনিধি দল ডিসির কার্যালয়ে যান। সেখানে ডিসি মোহাম্মদ রুহুল আমিনের কাছে স্মারকলিপি তুলে দেন। 

এ ব্যাপারে ডিসি মোহাম্মদ রুহুল আমিন জানান, ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি গ্রহণ করে তা প্রধানমন্ত্রীর দফতরে পাঠিয়ে দেওয়া হয়েছে।

/এনএ 

Logo