×
Logo

সারাদেশ

কুষ্টিয়ায় উপজেলা বিএনপি নেতার ওপর দুর্বৃত্তের হামলা

কুষ্টিয়া করেসপনডেন্ট

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ০১:১৪ এএম

কুষ্টিয়ায় উপজেলা বিএনপি নেতার ওপর দুর্বৃত্তের হামলা

কুষ্টিয়া খোকসা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাফিজ আহমেদ রাজুর ওপর দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (৫ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে পৌরসভার থানাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, নিজ বাড়ির সামনে দুর্বৃত্তরা প্রথমে বিএনপি নেতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে বাড়ির গেটে শর্টগান দিয়ে ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায়। পরবর্তীতে আহত নেতাকে স্থানীয়রা উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে খোকসা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনিসুজ্জামান স্বপন জানান, থানার প্রাচীরের সঙ্গে বিএনপি নেতা রাজুর ওপর হামলার ঘটনায় আমরা উদ্বিগ্ন। এছাড়াও তিনি বলেন, খোকসা উপজেলার আইনশৃঙ্খলার অবনতির বিষয়ে পুলিশ সুপারকে জানানোর পরেও তেমন কোনো উন্নতি হচ্ছে না। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি করছি।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা জাকির হোসেন জানান, বিএনপি নেতা রাজুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। হামলাকারীরা তিনটি মোটরসাইকেলে মুখ বাঁধা অবস্থায় ছিলেন।

তিনি আরও বলেন, হামলাকারীদের একজনকে আহত বিএনপি নেতা রাজু ধরে ফেললেও তার হাতে কামড় দিয়ে পালিয়ে যায়। এ সময় বাড়ির গেটে শর্টগান দিয়ে গুলি করে পালিয়ে যায়। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং হামলাকারীদের ধরতে কাজ করছে পুলিশ।

/এসআইএন

Logo