নওগাঁয় জামায়াত নেতার বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ
নওগাঁ করেসপনডেন্ট
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ০৬:১৭ পিএম
নওগাঁর বদলগাছীতে একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক ও প্রতিষ্ঠাতা এবং জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা জামায়াতের আমির শফিউল হাসান দিপুর (৫০) বিরুদ্ধে।
বিষয়টি জানাজানি হলে মঙ্গলবার (৪ আগস্ট) বেলা ১২টার দিকে বিক্ষুব্ধ জনতা এবং শিক্ষার্থীরা অভিযুক্ত শিক্ষকের প্রতিষ্ঠান ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। গত সোমবার (৩ আগস্ট) সকালে ভান্ডারপুর এলাকায় আলফা কিন্ডারগার্টেন স্কুলে নির্যাতনের শিকার হয় ওই শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, সোমবার সকালে বৃষ্টির কারণে বিদ্যালয়ে শিক্ষার্থীর উপস্থিতি কম ছিল। এ সময় এক ছাত্রীকে একা পেয়ে প্রধান শিক্ষক কাজী দিপু জড়িয়ে ধরেন এবং অশ্লীল আচরণ করেন। তবে মেয়েটি ধাক্কা দিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। পরে বাড়ী ফিরে বাবা-মাকে জানালে পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু হয়।
এদিকে, ঘটনার পর থেকেই শফিউল হাসান দিপু পলাতক আছেন।
এদিকে ঘটনার প্রতিবাদে আজ মঙ্গলবার দুপুরে ভান্ডারপুর চারমাথা এলাকায় স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও অভিভাবকেরা সড়ক অবরোধ, মানববন্ধন ও বিক্ষোভ করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান সনি এবং বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন। তাঁরা অভিযোগের সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
এ বিষয়ে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন জানান, ভুক্তভোগী পরিবার থানায় এসেছে। লিখিত অভিযোগ পেলেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
/এসআর