দেড় ঘণ্টার চেষ্টায় সাতক্ষীরার ব্লিজ হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে
স্টাফ করেসপনডেন্ট, সাতক্ষীরা
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ০৪:৩৮ পিএম
সাতক্ষীরা শহরের বেসরকারি ব্লিজ হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের দেড় ঘণ্টার প্রাণপণ চেষ্টায় বিকেল ৩টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
মঙ্গলবার (৪ আগস্ট) বেলা দেড়টার দিকে হাসপাতাল ভবনে আগুনের সূত্রপাত ঘটে। ফায়ার সার্ভিস সাতক্ষীরার কর্মকর্তা সাইফুজ্জামান জানান, অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
হাসপাতাল কর্তৃপক্ষ জানান, ১০০ শয্যাবিশিষ্ট এই হাসপাতালটিতে অগ্নিকাণ্ডের সময় প্রায় ৬০ থেকে ৬৫ জন রোগী এবং তাদের স্বজনসহ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। ভবনের গ্রাউন্ড ফ্লোরে থাকা অক্সিজেন পাইপলাইন থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই ধোঁয়া পাইপলাইনের মাধ্যমে পুরো ১০ তলা ভবনে ছড়িয়ে পড়লে রোগী ও স্বজনদের মধ্যে তীব্র আতঙ্ক দেখা দেয়।
আগুনের খবরে হাসপাতালের বাইরে হাজার হাজার উৎসুক মানুষ ভিড় জমান। পরে পুলিশ ও বিজিবি সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন এবং উদ্ধারকাজে সহায়তা করেন। ধোঁয়া ও উদ্ধার তৎপরতার সময় ফায়ার সার্ভিসের কয়েকজন কর্মী অসুস্থ হয়ে পড়েন।
ফায়ার সার্ভিস কর্মকর্তা সাইফুজ্জামান বলেন, দ্রুততার সাথে রোগী ও তাদের স্বজনদের অক্ষত অবস্থায় উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতাল এবং কাছের অন্যান্য ক্লিনিকে স্থানান্তরিত করা হয়েছে। অগ্নিকাণ্ডের নিখুঁত কারণ অনুসন্ধান করা হচ্ছে বলে জানান তিনি।
/এএ