×
Logo

সারাদেশ

রাজশাহীর কৃষি উদ্যোক্তাদের জন্য ৩ হাজার কোটি টাকার তহবিল ঘোষণা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ০৪:২৫ পিএম

রাজশাহীর কৃষি উদ্যোক্তাদের জন্য ৩ হাজার কোটি টাকার তহবিল ঘোষণা

রাজশাহী অঞ্চলের কৃষি খাত ও কৃষিভিত্তিক শিল্পের সার্বিক বিকাশে ৩ হাজার কোটি টাকার বিশেষ ঋণ তহবিল গঠনের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।

মঙ্গলবার (৪ আগস্ট) রাজশাহীতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ আয়োজিত ‘রিজিওনাল কনফারেন্স অন এগ্রো প্রসেসিং’ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

তিনি জানান, এ অঞ্চলের কৃষি উদ্যোক্তারা মাত্র ৫ থেকে ৯ শতাংশ সুদে এই তহবিল থেকে ঋণ গ্রহণ করতে পারবেন। অতীতের কোনো সরকার এ ধরনের উদ্যোগ নেয়নি উল্লেখ করে তিনি স্থানীয় উদ্যোক্তাদের এই সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান।

উপদেষ্টা আরও জানান, রাজশাহী অঞ্চল উদ্বৃত্ত কৃষি ফসল উৎপাদনে অত্যন্ত সমৃদ্ধ। উত্তম কৃষি চর্চার মাধ্যমে উৎপাদিত কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ করে বিদেশে রপ্তানির ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী আগামী ডিসেম্বর থেকেই উত্তরাঞ্চলের বন্ধ থাকা শিল্পকল-কারখানাগুলো পুনরায় খুলে দেওয়া হবে, যা স্থানীয় কর্মসংস্থানে বড় ভূমিকা রাখবে।

কনফারেন্সে বক্তা ও স্থানীয় উদ্যোক্তারা উল্লেখ করেন, রাজশাহী অঞ্চলে আম, আলু, সবজি ও মাছ উৎপাদনে বিশাল সম্ভাবনা থাকলেও পর্যাপ্ত প্রক্রিয়াজাতকরণ শিল্প ও কোল্ড চেইন অবকাঠামোর অভাবে কৃষকরা সঠিক মূল্য থেকে বঞ্চিত হন। বিনিয়োগ বৃদ্ধি করে বিশ্বমানের এগ্রো-প্রসেসিং চালু করা গেলে রপ্তানির পাশাপাশি কৃষকদের আয় বহুগুণে বৃদ্ধি পাবে।

রাজশাহী পিটিআই কনফারেন্স হলে অনুষ্ঠিত এই সম্মেলনে বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীসহ বিভিন্ন সরকারি-বেসরকারি খাতের প্রতিনিধি ও স্থানীয় কৃষি উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

/এএ  

Logo