রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) সংঘর্ষের ঘটনায় ছাত্রদল ও শিবিরের বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে মঙ্গলবার (৪ আগস্ট) ১৪৪ ধারা জারির আবেদন করেছে স্থানীয় প্রশাসন।
কর্তৃপক্ষ জানায়, বিকেল ৪টায় দুই পক্ষই ক্যাম্পাসের সামনে শহীদ আবু সাঈদ চত্বরে বিক্ষোভ-সমাবেশের ডাক দিয়েছে। এতে সংঘর্ষের আশঙ্কা থাকায় আবু সাঈদ চত্বরে ১৪৪ ধারা জারির আবেদন করা হয়েছে।
এদিকে, গত রাতের সংঘর্ষের পর ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ঘটনা তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।
সোমবার (৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক চত্বরে জুলাই প্রদর্শনীর আয়োজন করে শিবির। সেখানে সালাউদ্দিন কাদের চৌধুরী, গোলাম আজম, মতিউর রহমান নিজামী ও কাসেম আলীকে নিয়ে ‘জুডিশিয়াল কিলিংয়ের শিকার’ লেখা ও ছবি সংবলিত ব্যানার রাখা হয়।
ছাত্রদল নেতারা ব্যানারটি সরিয়ে নিতে বললে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে অন্তত ২০ জন আহত হন।
/এএন