×
Logo

সারাদেশ

প্রতিমন্ত্রীর স্বাক্ষর জালিয়াতির অভিযোগে মোংলায় যুবক গ্রেফতার, সিল-স্ট্যাম্প উদ্ধার

মোংলা করেসপনডেন্ট

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ০৮:১৭ এএম

প্রতিমন্ত্রীর স্বাক্ষর জালিয়াতির অভিযোগে মোংলায় যুবক গ্রেফতার, সিল-স্ট্যাম্প উদ্ধার

পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদুল ইসলামের নাম, স্বাক্ষর ও পদবি ব্যবহার করে অবৈধ তদবির বাণিজ্যের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে মোংলা থানা পুলিশ।

রোববার (২ আগস্ট) দিবাগত আনুমানিক মধ্যরাতে মোংলা থানার একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত যুবকের নাম মো. কামরুজ্জামান টুকু (৩৫)। তিনি মোংলা উপজেলার চিলা ইউনিয়নের হলদিবুনিয়া গ্রামের মৃত নুরুল ইসলাম শেখের ছেলে।

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে প্রযুক্তিগত কৌশল ব্যবহার করে অভিযুক্তের অবস্থান শনাক্ত করা হয়। অভিযানে তার কাছ থেকে পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের নাম ও পদবি সংবলিত একটি সিল এবং স্ট্যাম্প জব্দ করা হয় ।

এ ঘটনায় কামরুজ্জামান টুকুর নাম উল্লেখ করে এবং ঘটনার সঙ্গে জড়িত আরও দুইজনের নামে মামলা করা হয়েছে। পাশাপাশি ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

মোংলা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রেফাতুল ইসলাম সত্যতা নিশ্চিত করে জানান, প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলামের সিল ও স্বাক্ষর জালিয়াতির অভিযোগে মো. কামরুজ্জামান টুকু নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে প্রতিমন্ত্রীর নাম ও পদবি সংবলিত একটি সিল ও স্ট্যাম্পেট উদ্ধার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তে অন্য কারও সম্পৃক্ততার তথ্য পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে। প্রয়োজনীয় তথ্য-প্রমাণের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

/এমএইচআর

Logo