৬২ মামলার আসামি ‘বোমা কুদ্দুস’ গ্রেফতারের পর কারাগারে
শরীয়তপুর করেসপন্ডেন্ট
প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ১০:১০ পিএম
শরীয়তপুরের জাজিরার বিলাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য কুদ্দুস বেপারী ওরফে 'বোমা কুদ্দুস'কে (৫৫) গ্রেফতারের পর কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
রোববার (২ আগস্ট) সন্ধ্যায় তাকে শরীয়তপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক লাভলী শীল তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জাজিরা থানা সূত্রে জানা গেছে, কুদ্দুস বেপারীর বিরুদ্ধে বিভিন্ন সময়ে দায়ের হওয়া হত্যা, বিস্ফোরণ, লুটপাট ও মানবপাচারসহ অন্তত ৬২টি মামলা রয়েছে। এর মধ্যে দুটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। এছাড়া, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ীতে শ্রমিকদলকর্মী রিয়াজুল তালুকদার নিহত হওয়ার ঘটনায় করা মামলারও এজাহারভুক্ত আসামি তিনি।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন 'বোমা কুদ্দুস'। গত শনিবার (১ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে রাজধানীতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
পুলিশের কোর্ট পরিদর্শক শিমুল সরকার বলেন, কুদ্দুস বেপারীকে একটি মারামারির ঘটনায় করা সিআর মামলায় আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
/এএম