গাজীপুরে পরিবহন সমিতির বাস বন্ধের আল্টিমেটাম
স্টাফ করেসপনডেন্ট, গাজীপুর
প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ০৩:৫১ পিএম
আগামী ৭দিনের মধ্যে চিহ্নিত চাঁদাবাজদের গ্রেফতার না করা হলে আন্তঃজেলা বাস চলাচল বন্ধের আল্টিমেটাম দিয়েছে পরিবহন মালিক সমিতির নেতারাকর্মীরা।
রোববার (২ আগস্ট) সকালে শহরের বাসন এলাকায় সিয়াম পরিবহনের মালিক আব্দুল্লাহ আল সিয়ামকে হত্যার উদ্দেশ্যে হামলা এবং আসামিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আয়োজিত প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচিতে এ আল্টিমেটাম দেওয়া হয়।
বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজের সভাপতিত্বে প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় সহ শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান, মহাখালী বাস টার্মিনাল সড়ক পরিবহন সমিতির সভাপতি সিরাজুল ইসলাম।
মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনাল মালিক ঐক্য পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বক্তারা বলেন, চিহ্নিত চাঁদাবাজরা সিয়ামের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। তাদের দাবি অনুযায়ী চাঁদা না দেয়ায় তার ওপর হামলা ও গাড়ি ভাঙচুর করা হয়। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।
এসময় আগামী ৭দিনের মধ্যে অপরাধীদের গ্রেফতার করা না হলে গাড়ির চাকা বন্ধ করে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। অনুষ্ঠানে বিভিন্ন জেলার বাস মালিক, শ্রমিক ও স্থানীয় বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
/এমএইচআর