আকস্মিক হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুই কর্মী সাময়িক বরখাস্ত
গাইবান্ধা করেসপনডেন্ট
প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ০৩:৩৫ পিএম
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। পরিদর্শনকালে হাসপাতালে সরকারি অ্যান্টি-র্যাবিস (জলাতঙ্ক) ভ্যাকসিন থাকা সত্ত্বেও রোগীকে বাইরে থেকে কিনে আনতে বাধ্য করার অভিযোগের সত্যতা পেয়ে দুই স্বাস্থ্যকর্মীকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেন তিনি।
রোববার (২ আগস্ট) সকাল ১১টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে আসেন মন্ত্রী। এ সময় কুকুরের কামড়ে আহত এক রোগীর সঙ্গে কথা বলেন তিনি। রোগীর কাছে জানতে চান, জলাতঙ্কের ভ্যাকসিন কোথা থেকে সংগ্রহ করেছেন। জবাবে রোগী জানান, হাসপাতাল থেকে ভ্যাকসিন না পাওয়ায় তিনি বাইরে থেকে ১ হাজার ৩০ টাকা দিয়ে তা কিনেছেন।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ক্ষোভ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি হাসপাতালের তত্ত্বাবধায়কের কাছে জানতে চান, সরকারি অ্যান্টি-র্যাবিস ভ্যাকসিন হাসপাতালে মজুত থাকা সত্ত্বেও কেন রোগীদের সরবরাহ করা হয়নি।
রোগীর স্বজনরা জানান, সকালে কুকুরের কামড়ে আহত এক নারী চিকিৎসার জন্য হাসপাতালে আসেন। কিন্তু হাসপাতাল থেকে জানানো হয়, ভ্যাকসিন নেই এবং বাইরে থেকে কিনে আনতে হবে। পরে তারা নিজ খরচে ভ্যাকসিন কিনে এনে চিকিৎসা নেন। ঠিক সেই সময় স্বাস্থ্যমন্ত্রী হাসপাতাল পরিদর্শনে উপস্থিত হন এবং বিষয়টি জানতে পারেন।
ঘটনার পর প্রাথমিকভাবে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হেদায়েতুল ইসলামসহ দুইজনকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী। অপর জন হলেন মেডিকেল অফিসার জিল্লুর রহমান।
পরিদর্শনকালে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাজেদুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানা, গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হকসহ বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এরপর দুপুরে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন গাইবান্ধা আধুনিক সদর হাসপাতাল পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, বিশেষ করে গাইনি ওয়ার্ড ঘুরে দেখেন এবং ভর্তি রোগীদের সঙ্গে কথা বলে তাদের চিকিৎসাসেবা, ওষুধ সরবরাহ ও হাসপাতালের সার্বিক পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন।
এ সময় রোগীদের জন্য হাসপাতাল থেকে সরবরাহ করা খাবারের মান যাচাই করতে তিনি নিজেই সেই খাবার খেয়ে দেখেন। পাশাপাশি রোগীদের সেবার মান উন্নয়ন, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং সরকারি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
/এনএ