বগুড়ায় অভিযান চালিয়ে রকি বাহিনীর তিনজন গ্রেফতার
বগুড়া ব্যুরো
প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ০৬:৫৪ এএম
বগুড়ায় অভিযান পরিচালনা করে রকি বাহিনীর প্রধান রকি মিয়াসহ তিনজনকে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা। শনিবার (১ আগস্ট) রাতে সদর উপজেলার ঠেঙ্গামারা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় বাহিনীটির তিন নারী সদস্যসহ ছয়জন পালিয়ে যায়।
পুলিশ জানায়, বেশ কয়েকজন সহযোগী নিয়ে কিছুদিন ধরে এলাকায় মাদক ব্যবসাসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন রকি। তার স্ত্রী রাইসা এবং দুই বান্ধবী ট্র্যাপে ফেলে বিভিন্ন বয়সী ব্যক্তির কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে। বিষয়টি নজরে আসার পর তদন্তের একপর্যায়ে রকি বাহিনীর আস্তানার সন্ধান পায় গোয়েন্দা পুলিশ।
পরে সেখানে অভিযান চালিয়ে রকি মিয়া ও তার দুই সহযোগীকে গ্রেফতার করা হয়। জব্দ করা হয় বুলেটসহ একটি বিদেশি রিভলভার, বেশ কয়েকটি চাইনিজ কুড়াল ও রামদাসহ দেশীয় বিভিন্ন ধারালো অস্ত্র এবং মাদক। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় রকির স্ত্রী রাইসা, দুই বান্ধবী এবং তিন যুবক।
/এসআইএন