মাদারীপুরে বাসচাপায় মোটরসাইকেলচালক নিহত, আহত ১
স্টাফ করোসপনডেন্ট, মাদারীপুর
প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ১২:৫৭ এএম
মাদারীপুরে যাত্রীবাহী বাসচাপায় আশিক আকন নামের এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে মোটরসাইকেল আরোহী আরও এক যুবক।
শনিবার (১ আগস্ট) রাত ৯টার দিকে ডাসার উপজেলার ধুলগ্রাম বাজারে এ ঘটনা ঘটে।
নিহত আশিক ধুলগ্রাম এলাকার জালাল আকনের ছেলে এবং আহত রমজান বেপারী ধুয়াশার বালিগ্রামের সোহেল বেপারীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, রাতে রমজানকে সঙ্গে নিয়ে মোটরসাইকেল চালিয়ে মাদারীপুর শহর থেকে নিজ বাড়ির উদ্দেশে ফিরছিলেন আশিক। পথে ধুলগ্রাম বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং মোটরসাইকেল আরোহী দুজন গুরুতর আহত হন।
এ সময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আশিককে মৃত্যু ঘোষণা করেন। আহত রমজানকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ।
/এএম