এই বছরের শেষের দিকে আলোর মুখ দেখবে তিস্তা মহাপরিকল্পনা: পানিসম্পদ প্রতিমন্ত্রী
নীলফামারী করেসপনডেন্ট:
প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ১০:২১ পিএম
তিস্তা মহাপরিকল্পনার বিষয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, আমাদের কারিগরি কমিটি ইতোমধ্যে তাদের প্রতিবেদন জমা দিয়েছে। কীভাবে দ্রুততার সঙ্গে এই মহাপরিকল্পনা বাস্তবায়ন করা যায়, তা নিয়ে কাজ চলছে। আশা করা হচ্ছে এ বছরের শেষের দিকে তিস্তা মহাপরিকল্পনা আলোর মুখ দেখবে।
দীর্ঘদিন ধরে আটকে থাকা নীলফামারীর বুড়িতিস্তা পুনঃখনন প্রকল্প এবং তিস্তা নদীর ভাঙন কবলিত এলাকা শনিবার (১ আগস্ট) বিকেলে পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
এর আগে তিস্তাপাড়ের স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করে দীর্ঘদিনের জটিলতা নিরসনে পুনরায় বসে আলোচনার মাধ্যমে বুড়িতিস্তা পুনঃখনন প্রকল্পের সমাধানে কাজ করার আশ্বাস দেন। একই সঙ্গে রাজনৈতিক জটিলতার কারণে এলাকাবাসীর বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো প্রত্যাহারের বিষয়েও আশ্বস্ত করেন ফরহাদ হোসেন আজাদ।
পরে পানিসম্পদ প্রতিমন্ত্রী ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের ছাতুনামা এলাকায় তিস্তা নদীর ভাঙন কবলিত এলাকাও পরিদর্শন করেন। সেখানে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত ভাঙনরোধে জিওব্যাগ ফেলার নির্দেশনা দেন।
/এমএন