স্বাস্থ্য প্রতিমন্ত্রী
সব উপজেলা হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করার ডিজাইন চূড়ান্ত হচ্ছে
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ০৭:১৯ পিএম
দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত করার মেগা প্রকল্প হাতে নিয়েছে সরকার। এর আধুনিক ডিজাইন ও ফিজিবিলিটি স্টাডি কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
শনিবার (১ অগাস্ট) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের ৭৫ শতাংশ মানুষ গ্রামে বাস করেন এবং তাদের প্রাথমিক ভরসা এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো। আগে জেলাপর্যায়ে যে সেবাগুলো মিলত, তার সিংহভাগই এখন এই ১০১ শয্যার উপজেলা কমপ্লেক্সগুলোতে নিয়ে আসা হবে। এছাড়া, আগামী পাঁচ বছরের মধ্যে স্বাস্থ্যখাতের বাজেট জিডিপির ১ শতাংশ থেকে বাড়িয়ে ৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
বিগত সময়ের অনিয়ম তুলে ধরে এম এ মুহিত বললেন, পরিকল্পনা ছাড়া শত কোটি টাকার যন্ত্রপাতি কেনা হয়েছে, যা বহু জায়গায় অব্যবহৃত পড়ে আছে। সমন্বিত পরিকল্পনার মাধ্যমে এই অপচয় বন্ধ করা হবে।
চিকিৎসকদের নিরাপত্তার স্বার্থে প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক পদক্ষেপ হিসেবে আনসার বাহিনীর ১০ জন করে সদস্য মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী আরও বলেন, শিশুদের বিশেষায়িত সেবার জন্য দেশের পাঁচটি বিভাগীয় শহরে ৫টি নতুন শিশু হাসপাতাল এবং নারী স্বাস্থ্যের জন্য পৃথক ইনস্টিটিউট গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া নগর স্বাস্থ্যকে এখন সিটি করপোরেশন থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মূল কাঠামোর অধীনে এনে পুনর্গঠন করা হচ্ছে।
/এমএন