×
Logo

সারাদেশ

নরসিংদীতে জমি-সংক্রান্ত বিরোধে লাঠির আঘাতে স্বেচ্ছাসেবকদল নেতার মৃত্যু

স্টাফ রিপোর্টার, নরসিংদী

প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ০৫:২৪ পিএম

নরসিংদীতে জমি-সংক্রান্ত বিরোধে লাঠির আঘাতে স্বেচ্ছাসেবকদল নেতার মৃত্যু

নরসিংদীর মনোহরদীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে রাস্তার গাছ কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষ চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে মিজান মিয়া (৪৫) নামে এক স্বেচ্ছাসেবকদল নেতার মৃত্যু হয়েছে।

শনিবার (১ আগস্ট) দুপুরে উপজেলার বড়চাপা ইউনিয়নের পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মিজান মিয়া বড়চাপা পূর্বপাড়ার সফুর উদ্দিনের ছেলে এবং বড়চাপা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ছিলেন। অভিযুক্ত জীবন মিয়া একই ওয়ার্ডের আওয়ামীলীগ সহ-সভাপতি শহীদুল্লাহর ছেলে।

নিহতের স্বজনরা জানায়, বড়চাপা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বড়চাপা পূর্বপাড়ার মিজান ও চাচা শহীদুল্লাহর বাড়ির পাশের একটি রাস্তা নিয়ে বিরোধ চলে আসছিলো। এনিয়ে একাধিকবার সালিশ দরবার হলেও শহীদুল্লাহ তা মেনে নেয়নি।

এদিন দুপুরে রাস্তায় থাকা একটি গাছ মিজান কাটতে গেলে উভয় পক্ষের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। এসময় শহীদুল্লাহ এর ছেলে জীবন লাঠি নিয়ে এসে মিজানকে মাথায় আঘাত করে। এতে মিজান মাটিতে লুটিয়ে পড়লে তাকে উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা বলেন, চাচা ভাতিজার জমি সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।  মরদেহ সুরতাল করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

/এমএইচআর

Logo